বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ।
সভাপতির বক্তব্যে লোকমান আহমেদ বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রহমত উল্লাহ বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহমেদ স্বপন, সহসভাপতি হারুনুর রশিদ রতন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি নুরুল হক বাঁচা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, তাঁতি দলের সভাপতি মো. আফছার, সাধারণ সম্পাদক মো. তরিক উল্লাহ, মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ওলামা দলের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেলসহ নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।