বান্দরবানে জিপিএ-৫ পাওয়া ৯০ কৃতী শিক্ষার্থীকে পৌরসভার সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা হীরামনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের নিজেদের অর্জন নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।