নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে প্রস্তুতি সভা
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, আয়োজনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়নের কৌশল এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসাধারণ অবদান রাখার পাশাপাশি অন্যায়, শোষণ, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে মানবতা, সাম্য, সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সৃজনশীল ও অংশগ্রহণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নজরুলের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ সম্পর্কে আগ্রহ তৈরি হবে।
সভায় নানিয়ারচরে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নজরুল বর্ষের কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্ধারিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে নানিয়ারচরে নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।