টাইব্রেকারে নানিয়ারচরকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয়যাত্রা শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি রিজিয়নের আয়োজনে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে কাপ্তাই উপজেলা দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নানিয়ারচর উপজেলা দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় কাপ্তাই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই দুইবার করে প্রতিপক্ষের জালে বল পাঠায়। ফলে ২-২ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হলে ম্যাচের নিষ্পত্তির জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।
টাইব্রেকারে স্নায়ুচাপের ম্যাচে কাপ্তাই উপজেলা দল ৪-৩ গোলে নানিয়ারচরকে পরাজিত করে জয় নিশ্চিত করে। দুর্দান্ত এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করেছে কাপ্তাইয়ের খেলোয়াড়রা।
ম্যাচটি পরিচালনা করেন মো. হাসমত আলী।
খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন রাঙামাটি রিজিয়নের কর্মকর্তা মেজর মো. আশফানুল হক, কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, দলের কোচ মাহবুব হাসান বাবু, সাবেক ফুটবল খেলোয়াড় মো. জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সচিব আব্দুল করিম লালু, সাংবাদিক কাজী মোশাররফ হোসেনসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে ম্যাচটি পরিণত হয় উপভোগ্য এক ফুটবল লড়াইয়ে। বিশেষ করে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানোয় ম্যাচের উত্তেজনা আরও বাড়ে।
কাপ্তাইয়ের এ জয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম দলটির খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, কাপ্তাই উপজেলা দল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রেখে ভালো ফলাফল অর্জন করবে।
রাঙামাটি রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নস লিগকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের মতে, প্রতিযোগিতামূলক এ ধরনের আয়োজন পার্বত্য এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।