নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুরই মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর স্থানীয় জেলে, বাসিন্দা ও কোস্টগার্ড সদস্যদের তল্লাশিতে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশুকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোহাম্মদ নিশান ও আরজিন শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন।
স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নাফ নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় কোস্টগার্ড সদস্যরা নদীর বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর একটি অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশু মোহাম্মদ নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুরই মর্মান্তিক মৃত্যু হয়।
শাহপরীরদ্বীপের বাসিন্দা মো. ইয়াহিয়া করিম বলেন, সকালে নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা তাদের উদ্ধারে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়। তবে আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশু নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব দুই শিশুর নিখোঁজ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা যায় এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে উদ্ধার করে মো. নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত পরিমাণ পানি পান করার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।