নৌকাডুবির ঘটনায় বাবার মৃত্যু: পরিবারের পাশে ‘ভয়েস অব লংগদু’, জীবিকার জন্য দেওয়া হলো গরু
![]()
জার্নাল প্রতিবেদক
কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানো রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের জেলে ফালান (৩০)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটি ‘ভয়েস অব লংগদু’। পরিবারের ভবিষ্যৎ জীবিকার কথা বিবেচনায় নিয়ে সংগঠনটির সদস্যদের সম্মিলিত সহযোগিতায় একটি গরু কিনে ফালানের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফালানের স্ত্রীর হাতে গরুটি হস্তান্তর করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফালান পেশায় একজন জেলে ছিলেন। মাছ ধরেই চলত তাঁর সংসার। সম্প্রতি মাইনীমুখ বাজারে মাছ বিক্রি শেষে কৃষিকাজের জন্য সার নিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে কাপ্তাই লেকের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাঁর ছোট নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা নয় বছর বয়সী সন্তানকে অন্য একটি নৌকায় নিরাপদে তুলে দিতে সক্ষম হন ফালান। তবে সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজেই কাপ্তাই লেকের পানিতে নিখোঁজ হন। পরদিন লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ফালানের আকস্মিক মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাঁর স্ত্রী ও তিন সন্তান ছাড়াও পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, অবিবাহিত ছোট ভাই এবং সন্তানসহ স্বামীর বাড়ি থেকে ফিরে আসা বোন। আট সদস্যের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে কঠিন সংকট তৈরি হয়।
এ অবস্থায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ‘ভয়েস অব লংগদু’। সংগঠনটির সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারের জন্য দীর্ঘমেয়াদে আয়ের একটি উৎস তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এর অংশ হিসেবে সংগৃহীত অর্থ দিয়ে একটি গরু কিনে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে পরিবারটির আয়ের সহায়ক হতে পারে।
গরু হস্তান্তর অনুষ্ঠানে ‘ভয়েস অব লংগদু’র যুগ্ম আহ্বায়ক ও লংগদু মডেল ডিগ্রি কলেজের প্রভাষক অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক বলেন, “সন্তানকে বাঁচাতে গিয়ে ফালান নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়। পরিবারের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি, গরুটি ভবিষ্যতে পরিবারটির জীবিকার সহায়ক হবে।”
সংগঠনটির সদস্য সচিব শামীম আহমেদ বলেন, “ফালানের সন্তানদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনের কথা জানালে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।”
অনুষ্ঠানে ‘ভয়েস অব লংগদু’র সদস্য (অর্থ) সাংবাদিক গোলামুর রহমান, সদস্য (বার্তা) সাংবাদিক বিপ্লব ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান বাবু ও আশরাফুল ইসলামসহ সংগঠনের সদস্য মামুনুর রশিদ, দিদার আহমেদ, মনতাজ উদ্দীন, সিরাজুল ইসলাম ইবলু, তাওহীদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘ভয়েস অব লংগদু’র পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সদস্যদের মেধা, শ্রম ও আর্থিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ফালানের পরিবারের জীবিকা এবং সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।
স্থানীয়দের মতে, একটি পরিবারের সংকট শুধু সেই পরিবারের একার বিষয় নয়; সমাজের সামর্থ্যবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোরও সেখানে মানবিক দায়িত্ব রয়েছে। ফালানের পরিবারের পাশে দাঁড়িয়ে ‘ভয়েস অব লংগদু’ সেই সামাজিক ও মানবিক দায়িত্ববোধেরই একটি প্রশংসনীয় দৃষ্টান্ত তৈরি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।