রাঙামাটিতে ২হাজার পরিবারের মাঝে ইউএনডিপির সলিডারিটি প্যাক বিতরণ
![]()
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতির কারণে রাঙামাটি পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ও দুর্গত ২ হাজার পরিবারের মাঝে ইউএনডিপির সলিডারিটি প্যাক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সকালে রাঙ্গামাটি সদরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি-ইউএনডিপি প্রকল্পের অধীন ও ইউএনডিপির নিজস্ব তহবিল এর উদ্যোগে এই সলিডারিটি প্যাক/ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা।
ইউএনডিপির সূত্রে জানা গেছে, প্রতিটি সলিডারিটি প্যাকের মধ্যে রয়েছে -চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, আলু ৫কেজি, সাবান ২টি, সবজি বীজ ৭প্যাকেট, মাস্ক ৪পিস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২টি করে পোষ্টার। পৌর এলাকায় আরো পাচঁ হাজার পরিবারের মধ্যে সলিডারিটি প্যাক বিতরণ করা হবে বলে জানা গেছে।