নানিয়ারচরে ১৭২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের পোনা অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো ও স্থানীয় মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের এলাকায় জলাশয়ের মালিকদের হাতে নির্ধারিত জলাশয়ে অবমুক্ত করার জন্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক জলাশয়সহ নানিয়ারচরের বিভিন্ন জলাশয়ে মোট ১৭২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মাছের পোনা রয়েছে।

জলাশয়ের মালিকদের কাছে পোনা হস্তান্তরের পর নির্ধারিত জলাশয়গুলোতে এসব পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। একই সঙ্গে এসব জলাশয়কে মৎস্য চাষের উপযোগী করে তোলার মাধ্যমে স্থানীয় মানুষের আয় ও খাদ্যনিরাপত্তায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের কার্যক্রম।
পোনা অবমুক্তি কার্যক্রমে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।