রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ: যতন তঞ্চঙ্গ্যার দায়ের কোপে আবদুর রহিমসহ আহত ৩, একজন চমেকে
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাছড়ি পাড়া এলাকায় যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমি পরিমাপের জন্য উভয় পক্ষ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় মৌজা প্রধান (হেডম্যান) ও ইউপি সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
জমি পরিমাপের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র (দা) দিয়ে আবদুর রহিম নামের এক যুবককে আঘাত করা হয়। স্থানীয়দের অভিযোগ, যতন তঞ্চঙ্গ্যা তাকে আঘাত করেন। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে রহিমের দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত দুই বোন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে আবদুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।