পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারকে ফের অঘটনের হুমকি শিশির চাকমার!
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন না করলে যদি কোনো অঘটন ঘটে, তার সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস ঘেঁষা রাঙামাটির লেখক ও সংস্কৃতি কর্মী শিশির চাকমা।
বর্তমান সরকারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন এবং একতরফা ও জনবিচ্ছিন্ন কর্মকান্ডের অভিযোগ এনে রাঙামাটিতে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন থেকে তিনি সরকারকে এই হুমকি দেন।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন গৈরিকা চাকমা, ইন্টু মনি চাকমা এবং শিশির চাকমা প্রমুখ।
শিশির চাকমা তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার পার্বত্য চুক্তি লঙ্ঘন করে বিভিন্ন একতরফা ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। পার্বত্য এলাকার বাইরে থেকে প্রতিনিধি এনে বিশেষ দায়িত্ব প্রদানসহ নানা বিতর্কিত কর্মকান্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলার পরিপন্থী।
তিনি বলেন, সরকার গঠিত তিনটি জাতীয় কমিটি চুক্তি স্বাক্ষরকারী পক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই করা হয়েছে। তাই অবিলম্বে এসব জাতীয় কমিটির কার্যক্রম স্থগিত করে চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার সম্প্রতি যে তিনটি জাতীয় কমিটি (নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি) গঠন করেছে, তা পার্বত্য চট্টগ্রাম বান্ধব নয়। এই কমিটিগুলো অবিলম্বে স্থগিত করার করে বর্তমান যে সংকট তৈরি হচ্ছে, তা যদি সরকার এখনই গভীরভাবে উপলব্ধি করে সমাধান না করে এবং পরবর্তীতে কোনো অঘটন ঘটে, তবে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে সরকার যাদের সঙ্গে চুক্তি হয়েছে এবং যারা এ বিষয়ে কথা বলছে, তাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। কীভাবে চুক্তি বাস্তবায়িত হবে, তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্যও সরকারের প্রতি জোরালো দাবি জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।