কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজারে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ডিবি পুলিশের ইনচার্জ মনির হোসেন।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে দুই কিশোরীর সন্ধানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে দুই কিশোরীকে উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে আসে।
কক্সবাজার ডিবি পুলিশের ইনচার্জ মনির হোসেন বলেন, ‘প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।