বাঘাইহাটে সীমান্ত অপরাধ রোধে বিজিবির সচেতনতামূলক সভা
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে রাঙামাটির বাঘাইহাটে স্থানীয় পাহাড়ি জনগণের সঙ্গে জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধীন জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় জুপুই বিওপির কমান্ডার স্থানীয় বাসিন্দাদের নিয়ে সভাটির আয়োজন ও পরিচালনা করেন।
সভায় সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সীমান্ত হত্যা প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে শুধু বিজিবির টহল ও নজরদারিই নয়, স্থানীয় জনগণের সচেতনতাও গুরুত্বপূর্ণ বলে সভায় তুলে ধরা হয়। সীমান্তবর্তী এলাকায় বসবাস করায় স্থানীয় বাসিন্দারা অনেক সময় অপরাধীদের সন্দেহজনক চলাচল বা তৎপরতা সম্পর্কে দ্রুত জানতে পারেন। এ কারণে কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় বিওপি কমান্ডারের পক্ষ থেকে স্থানীয় জনগণের প্রতি সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ও অস্ত্রের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িয়ে পড়লে কিংবা এসবের পরিবহন বা পাচার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের অবহিত করতে বলা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলে সীমান্ত অপরাধ প্রতিরোধে আরও কার্যকর পরিবেশ তৈরি হতে পারে। বিজিবির এ ধরনের উদ্যোগ সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।