ফেনী ও চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মদ ও ভারতীয় গরু জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি। ইতিহাসপড়ুন
রোববার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত ও কঠোর নজরদারি বজায় রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ থানা এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও চোরাই গরু আটক করা হয়।
অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।