পানছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতা চাইলেন ইউএনও

পানছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতা চাইলেন ইউএনও

পানছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতা চাইলেন ইউএনও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ। এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও নির্ভুল তথ্য সংগ্রহে পানছড়ির সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে আয়োজিত অবহিতকরণ প্রেস কনফারেন্সে এ আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের আট বিভাগের ৪৪ জেলার ৫৫টি উপজেলা ও ৫৭টি সিটি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭১ হাজার ৮৩১ জনকে কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।

কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা বাবদ বরাদ্দ। গত ১২ অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।

তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেজে সংরক্ষণ করবেন। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে কার্ড ও ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে সব যোগ্য নারীকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় জানানো হয়, নীতিমালা অনুযায়ী তথ্য যাচাই-বাছাই ও নির্ধারিত স্কোরের ভিত্তিতে ভাতার উপকারভোগী নির্বাচন করা হবে। তবে সব নারী পরিবারপ্রধানের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে এবং এটি টাকপের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ, বিপণিবিতানের পিওএস ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ভাতা উত্তোলন করতে পারবেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পানছড়ির সব নাগরিককে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed