বাঘাইছড়ির বঙ্গলতলীতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের সভা
![]()
জার্নাল প্রতিবেদক
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে সচেতনতামূলক আলোচনা সভা ও মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গলতলী বিটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাঘাইছড়ি থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় বিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মরাজ চাকমা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা ও এসআই টিকলু কুমার পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বঙ্গলতলী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।