মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ
![]()
জার্নাল প্রতিবেদক
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নারীশিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মহেশখালীর উদ্যোগে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইছার মনির এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সদস্য বিউটি সোলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। কিন্তু বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষাজীবন, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই এ সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো জরুরি।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।