বান্দরবানের ৩৩ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য জেলা বান্দরবানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও দেবী দুর্গার মুখ উন্মোচনের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর জেলার ৩৩টি পূজামণ্ডপে উদ্যাপিত হচ্ছে দুর্গোৎসব।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবী দুর্গার মুখ উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী, এমপি।
প্রতি বছরের মতো এবারও রাজার মাঠে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ পূজামণ্ডপ নির্মাণ করা হয়েছে। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপ ও আশপাশের এলাকা। পাশাপাশি মাঠজুড়ে বসেছে শারদ মেলা, যা উৎসবে যোগ করেছে বাড়তি আনন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব দাশ, রাজেশ্বর দাশসহ পূজা ও মন্দির পরিচালনা কমিটির নেতারা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, শারদীয় দুর্গাপূজা কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আবহমানকালের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার এক অনন্য সেতুবন্ধন। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক এ উৎসবের আনন্দ ও মানবিক মূল্যবোধ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক—এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। পরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি এবং চার শতাধিক অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।