রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছে এসআরবি-৭, নিরাপত্তা নজরদারি জোরদার
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ের পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রামগড় বাজারের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন এসআরবি-৭-এর অধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সিপিসি-১-এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মিজানুর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।
মিজানুর রহমান জানান, এসআরবি-৭-এর আওতাধীন খাগড়াছড়ির পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল পরিচালনা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এবং যোগাযোগের জন্য তাঁর ব্যক্তিগত নম্বরও দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত এসআরবিকে অবহিত করতে হবে। টহল দল যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, এ ধরনের অপতৎপরতা শনাক্তে এসআরবির আইসিটি বিভাগ সতর্ক রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে এসআরবি-৭-এর ডিএডি মহিদুল ইসলাম, এসআই (নিঃ) আরিফুর রহমান, এসআই (নিঃ) ফয়েজুর রহমানসহ টহল দলের সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।