কাপ্তাইয়ে নৌবাহিনী কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ, কর্ণফুলী কলেজে ১৯.৬৮
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী। তাঁরা হলেন—মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া। রাঙামাটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটি শীর্ষে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর ৬২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
দুই প্রতিষ্ঠানে মোট ৭৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮২ জন। সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।
কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বিপর্যয় দেখা গেছে। এর মধ্যেও তাঁদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে এ ফলে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। আগের বছরগুলোতে প্রতিষ্ঠানটিতে শতভাগ শিক্ষার্থী পাস করতেন এবং জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যাও অনেক বেশি ছিল।
কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, গত বছর তাঁদের কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিলেন। তাঁদের অনেকেই এ বছরও পাস করতে পারেননি। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।