রাঙামাটিতে নারী দিবস পালিত, জলবায়ু অভিঘাত মোকাবিলায় গ্রামীণ নারীর ক্ষমতায়নের আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে গ্রামীণ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রত্যয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও পথনাটকের আয়োজন করা হয়।
সোমবার সকালে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল—‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’। কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমতি খিয়াং। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী, সিআরইএ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর সোমা দত্ত, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরুপা দোওয়ান এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কক্সি তালুকদার।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সেফগার্ডিং অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার ঝুমালিয়া চাকমা।
অনুষ্ঠানে স্থানীয় গ্রামীণ নারীরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা চ্যালেঞ্জ, জীবন-জীবিকা নিয়ে সংগ্রাম এবং নিজেদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ দুটি সেরা নারী দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গ্রামীণ নারীরা নানা ধরনের ঝুঁকি ও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে পার্বত্য অঞ্চলে নারীদের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নারীদের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং নেতৃত্বের বিকাশে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ জরুরি।
বক্তারা আরও বলেন, গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ তৈরি করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।