লংগদুতে বিজিবির সহায়তায় বৌদ্ধ বিহারের নতুন স্থাপনা উদ্বোধন, সম্প্রীতি জোরদারের প্রত্যাশা

লংগদুতে বিজিবির সহায়তায় বৌদ্ধ বিহারের নতুন স্থাপনা উদ্বোধন, সম্প্রীতি জোরদারের প্রত্যাশা

লংগদুতে বিজিবির সহায়তায় বৌদ্ধ বিহারের নতুন স্থাপনা উদ্বোধন, সম্প্রীতি জোরদারের প্রত্যাশা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গীপাড়ায় বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত ‘ধর্মের আলো বৌদ্ধ বিহার’-এর নবনির্মিত বেইন ঘর ও ধর্মদেশনা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ স্থাপনাগুলো স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে পাহাড়ি জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ নভেম্বর) রাঙ্গীপাড়া ধর্মের আলো বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনা দুটির উদ্বোধন করেন বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মীয় গুরু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, বিহারটির নাম যেমন ‘ধর্মের আলো’, তেমনি তিনি বিশ্বাস করেন, এ বিহারের মাধ্যমে পুরো জনপদেও শান্তির আলো ছড়িয়ে পড়বে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেসব এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে রাজনগর ব্যাটালিয়ন বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্থানীয়দের ধর্মীয় উপাসনা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নবনির্মিত বেইন ঘর ও ধর্মদেশনা ঘর গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পাহাড়ি জনপদে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *