কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল ও সদস্যসচিব মো. ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মায়ারাম তংচংগা, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার, তাঁতীদলের সভাপতি আফছার উদ্দিন ও সাধারণ সম্পাদক তরিক উল্ল্যাহ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলীয় সমর্থকেরা অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।