টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: ২টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দলটি সানাউল্লাহর বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নম্বরবিহীন ৭.৬৫ বোরের দুটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এ ছাড়া ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিম কার্ডের আটটি খালি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া চার রাউন্ড গুলির মধ্যে তিনটি ৭.৬৫ বোরের পিস্তলের এবং একটি একনলা বন্দুকের গুলি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে যৌথ বাহিনীর এ অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নয়াপাড়া ক্যাম্পে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।