টেকনাফের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চট্টগ্রামে দুই পলাতক আসামি গ্রেফতার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মাদকের চালান আত্মসাৎকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) দুটি ইউনিটের যৌথ আভিযানিক দল।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। তারা এ হত্যা মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
এসআরবি-১৫-এর ১০ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকার পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫। একপর্যায়ে গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামিদের কয়েকজনের চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে ৯ নভেম্বর এসআরবি-১৫-এর সিপিসি-২ এবং এসআরবি-৭-এর সিপিসি-৩-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়া এলাকার এমএএস টেলিকম দোকানের সামনের পাকা রাস্তা থেকে মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে।
পরবর্তীতে গ্রেফতার মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকায় মোকসেদ সাহেবের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মোনাফকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফের বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, চাঞ্চল্যকর এ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।