খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা উড্ডয়ন ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁদের মতে, পাহাড়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগ থাকলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হতো।
রোববার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ সংগঠনের নিহত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)-এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা। সভা সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমা। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে। চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম জনগণ পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পেতেন বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা পাহাড়ে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইউপিডিএফের সভাপতি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন অংশকে দায়ী করে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথে ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা ইউপিডিএফকে ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আন্দোলনের পথে ফিরে আসার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে বিভেদ ও সংঘাত পরিহার করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জুম্ম জনগণের কল্যাণে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধীতা করে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন সংগঠনটি একসঙ্গে কার্যক্রম পরিচালনা করলেও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে বিভক্তি দেখা দেয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।