খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা বর্মার ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ- গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মা’র ৩য় মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে আজ সকালে (৫ মে) খাগড়াছড়ির সদরে মধুপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সীমিত পরিসরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপন চাকমা প্রমুখ।
শোক সভায় প্রয়াত এ বিপ্লবী নেতা তপন জ্যোতি চাকমা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিদের্শনামূলক স্মরনীয় ঘটনা তুলে ধরে তাঁর আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
এদিকে মাটিরাঙা উপজেলায়ও সংগঠনটির নেতাকর্মীরা সকালে প্রয়াত এ নেতার অস্থায়ী সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন।
এছাড়া প্রয়াত তপন জ্যোতি চাকমা’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সকল নেতাকর্মীরা বুকে কালোব্যাজ ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৫’ই মে খাগড়াছড়ি-রাঙামাটির সড়কের ক্যাঙ্গালছড়ি এলাকায় প্রতিপক্ষে ব্রাশফায়ারে তপন জ্যোতি চাকমাসহ ছয়জন নিহত হন।