২৪ ঘণ্টায় ২১৫ মৃত্যু, শনাক্ত দশ হাজারের বেশি - Southeast Asia Journal

২৪ ঘণ্টায় ২১৫ মৃত্যু, শনাক্ত দশ হাজারের বেশি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে করোনা সংক্রমণে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো ২১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬১৩। এর আগে ১০ আগস্ট করোনায় সর্বোচ্চ সংখ্যক ২৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ১২৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানানো হয়। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কমেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ। আগের দিন ২৩৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০ হাজার ৪২০ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি। গত শীতে দ্বিতীয় ঢেউ আসার উদ্বেগ থাকলেও সংক্রমণ ও মৃত্যু- দুটোই কমে আসে।

একপর্যায়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমে যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় মহামারি নয়, নিয়ন্ত্রিত পরিস্থিতি। তবে গত মার্চের শেষ সপ্তাহ থেকে শনাক্তের হার আবার বাড়তে থাকে।