এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৪.২০ শতাংশ পরীক্ষার্থী
![]()
জার্নাল প্রতিবেদক
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে দেশের ১২টি ক্যাডেট কলেজ। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৫৬৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩৬ জন। সে হিসাবে ক্যাডেট কলেজগুলোর পাসের হার ১০০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ২০ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং ক্যাডেটদের চৌকস, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
এ লক্ষ্য বাস্তবায়নে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পাঠ্যশিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্যাডেটরা যেন ভবিষ্যতে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। পাশাপাশি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাও এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।