সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা বিধানে অক্লান্ত পরিশ্রম করছে- ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম
![]()
নিউজ ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ে হানাহানি বন্ধে শান্তিচুক্তি সম্পাদনের পর ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা বিধানে অক্লান্ত পরিশ্রম করছে, মন্তব্য করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য জীবনবাজি রাখতে সর্বোত দায়বদ্ধ। বেসামরিক প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, পাহাড়ের জনবৈচিত্র্য এবং নৈসর্গিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নেয়ার এখনই সময়। সকল বিপত্তি অতিক্রম করে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দিবে।
রোববার দুপুরে খাগড়াছড়ি সদর জোনের রিক্রিয়েশন হলে আয়োজিত জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান অতিথি খাগড়াছড়িতে দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, সরকারের আন্তরিকতায় পাহাড়ে উন্নয়নের যে অগ্রযাত্রা সাধিত হচ্ছে, তা ধরে রাখা এবং এগিয়ে নেয়া সবার দায়িত্ব। যারা এসব ইতিবাচক তৎপপরতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন এবং সন্ত্রাসের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অলীক স্বপ্ন দেখছেন; তাদের জন্য কোন সুখবর নেই। বরং সন্ত্রাসী-চাঁদাবাজদের মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করা হবে।
এসময় ডিজিএফআই এর খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইশতিয়াক আহম্মেদ, সদর জোন অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম, ব্রিগেড মেজর আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, সদর জোনের উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, কেইউজে’র সাবেক সভাপতি নুরুল আজম ও সা: সম্পাদক কানন আচার্য্য, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক আজিম-উল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বিডিনিউজ প্রতিনিধি সমির মল্লিক, সাংবাদিক আল মামুন ও মাঈনউদ্দিন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সা: সম্পাদক আবু তাহের, সাবেক সা: সম্পাদক আবু দাউদ, কেইউজে’র সা: সম্পাদ সৈকত দেওয়ান, বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন, আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম, কেইউজে’র নির্বাহী সদস্য রুপায়ন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান এবং কেইউজে সদস্য শঙ্কর চৌধুরী উপস্থিত ছিলেন।