বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বিজিবির গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Southeast Asia Journal

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বিজিবির গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাতসহ আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খাগড়াছড়ির গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল থেকেই পুরো সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাদ ফজর নামায শেষে সেক্টর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সেক্টর কমান্ডারের উপস্থিতিতে সকালে সেক্টর সদর দপ্তরে পতাকা উত্তোলনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কার্যক্রম।

দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেকের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজ শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, ডিজিএফআইয়ের খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইশতিয়াক আহমেদ, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাশেদুজ্জামান রাশেদ, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল করিম, রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, গুইমারা বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুব আলম রাসেল, গুইমারা রিজিয়নের বিএম মেজর আহসানুজ্জামানসহ বিভিন্ন জোন অধিনায়ক, সামরিক পদস্থ কর্মকর্তাগণ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।