বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, সেনা ও এমওডিসির মধ্যে সনদ বিতরণ - Southeast Asia Journal

বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, সেনা ও এমওডিসির মধ্যে সনদ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) ২০২০-এর জন্য নির্বাচিত সদস্যদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিমান বাহিনী ঘাঁটি ‘বাশার’র বিএএফ শাহীন হলে এই সনদ ও ট্রফি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) দের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে বিমান সদর ও অন্যান্য ঘাঁটি বা ইউনিট থেকে নির্বাচিত ৩২ বিমানসেনার মধ্য থেকে বিমান সদর, কেন্দ্রীয় নির্বাচনী পর্ষদ একজন শ্রেষ্ঠ জেসিও, একজন শ্রেষ্ঠ বিমানসেনা ও অসামান্য অবদানের জন্য একজন বিমানসেনা নির্বাচন করে। এছাড়া ১০ জন এমওডিসির (এয়ার) মধ্য থেকে একজন শ্রেষ্ঠ জেসিও এবং একজন শ্রেষ্ঠ এমওডিসি নির্বাচন করা হয়।

আরও বলা হয়, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ জামান এবং সার্জেন্ট মোহাম্মদ রুহুল কুদ্দুস যথাক্রমে শ্রেষ্ঠ জেসিও এবং শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে নির্বাচিত হয়ে সনদপত্র ও ট্রফি লাভ করেন। এছাড়া অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সার্জেন্ট মো. মাহফুজুর রহমান শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে সনদপত্র লাভ করেন।

অন্যদিকে এমওডিসির (এয়ার) মধ্যে মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. পারভেজ আক্তার শ্রেষ্ঠ জেসিও (এমওডিসি) এবং সার্জেন্ট মো. আরিফুজ্জামান শ্রেষ্ঠ এমওডিসি হিসেবে সনদপত্র ও ট্রফি লাভ করেন।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়করাসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

You may have missed