রাঙ্গামাটি এটিআই’র প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, আল্টিমেটাম
![]()
নিউজ ডেস্ক
শিক্ষক সংকট, পরিবহন সংকটসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে রাঙ্গামাটিস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)’এর প্রায় ২০০ শিক্ষার্থী। গতকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীরা ভেতরেই অবরুদ্ধ হয়ে থাকে। পরবর্তীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে রাঙ্গামাটিস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬ সাল থেকেই রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআইয়ে ১৬ জনের স্থলে মাত্র দুইজন শিক্ষক দিয়ে এখন পর্যন্ত পাঠদান অব্যাহত রাখা হয়েছে। রাঙ্গামাটি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার অদূরে অবস্থিত একমাত্র কৃষি ডিপ্লোমা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যাওয়া-আসার জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থাও নাই। এ ছাড়াও প্রতিষ্ঠানটি রাঙ্গামাটি-খাগড়াছড়ি প্রধান সড়কের সঙ্গে লাগোয়া হওয়ার পরেও সম্মুখ সড়কে দেয়া হয়নি স্পিড ব্রেকার। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ। এমতাবস্থায় বারংবার দাবি জানিয়ে আসলেও বিগত এক দশকেও রাঙ্গামাটির এটিআইয়ে পরিবহন ও শিক্ষক সংকট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে রাঙ্গামাটিস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ জানান, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমিসহ মোট দুইজন শিক্ষক এখানে অবস্থান করছি এবং মাঝে মধ্যে কৃষি অফিস থেকে অফিসারদের এনে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে আসছি। তিনি জানান, রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিগত দুই বছর ধরে অধ্যক্ষের পদটি খালি রয়েছে। এ ছাড়াও বিগত এক দশক উপাধ্যক্ষ পদে-১, মুখ্য প্রশিক্ষক-৪, ঊর্ধ্বতন প্রশিক্ষক-১, প্রশিক্ষক-৭ জনের একজনও নাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা শিগগিরই এসব বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। পরিবহন সংকটের বিষয়টি নিয়েও কর্তৃপক্ষকে জানানো হয়েছে’