আমি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই: এসএসএফ-এর প্রতি প্রধানমন্ত্রী - Southeast Asia Journal

আমি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই: এসএসএফ-এর প্রতি প্রধানমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘আমি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই। আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের কথা শোনা, তাদের জন্য কিছু করতে পারা, এতটুকুই চাই। জনগণই আমাদের প্রাণশক্তি।’

বুধবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসএসএফ-এর উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার কাজে যারা নিয়োজিত, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে তো গুলি ও বোমার মুখে পড়েছি। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনও কাজ করাবেন, এজন্য বাঁচিয়ে রেখেছেন। দেশ অভিশাপমুক্ত যাতে হয়, সেই ব্যবস্থাটাই নিয়েছিলাম। যার কারণে বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

এসময় এসএসএফ-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যারা বিদেশি অতিথি এসেছেন, তারা প্রত্যেকে (এসএসএফ-র) ভূয়সী প্রশংসা করেছেন। এটা ধরে রাখতে হবে। আমার পরিবারের মতো যারা আমার সঙ্গে কাজ করেন, তাদের জন্য দোয়া করি। বিশেষ করে এসএসএফ’র জন্য দোয়া করি। আমি জানি তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছেন।’

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এমন কিছু ঘটাতে পারে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি। সম্প্রতি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে রহস্যজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় নজর রাখতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটি ব্যাংকের এমডি পদের জন্য দেশের সঙ্গে বেঈমানি করেছিল ড. মোহাম্মদ ইউনূস। তার কারণেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে বহু সৈনিক ও অফিসারকে হত্যা করে জিয়াউর রহমান। ক্যু হলে স্বশস্ত্র বাহিনীই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

অনুষ্ঠানে এসএসফ’র মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এসএসএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।