রাঙামাটিতে জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মাইনি নদীর পাড়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বিনয় চাকমা (২৪) নামে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন অপর উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
নিহত ইউপিডিএফ’র সন্ত্রাসী নানিয়ারচর বালুমূড়া এলাকার রুপেন বিকাশ চাকমার ছেলে। এলাকাটি দূর্গম হওয়ায় এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কোন দল ঘটনাস্থলে পৌছায়নি।
এদিকে, একই সময়ে দীঘিনালা উপজেলার বাবুছড়ার নাড়াইছড়িতেও ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) লারমা দলের মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, এদিন সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সাথে অপর একটি দলের গোলাগুলিতে ১ ইউপিডিএফ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া দুপুরে অপর পাহাড়ি জেলা রাাঙমাটিতে পাহাড়ের বিবাদমান দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে।