খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি স্কুলে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুধন্য কার্বারী পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের প্রতিনিধি ও প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরার হাতে ১৫ জোড়া বেঞ্চ তুলে দেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, পাহাড়ে যেকোনো সুবিধাবঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনী আছে এবং থাকবে। আমরা আজ যে স্কুলে পড়ার টেবিল দিয়েছি, এমন কার্যক্রম আমাদের ভবিষ্যতেও থাকবে। তবে সব মানুষ এগিয়ে এলে এমন পিছিয়ে পড়া জনপদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে।
জানা যায়, তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে স্থাপিত হয়। এ বিদ্যালয়ে চারজন শিক্ষক ক্লাস পরিচালনা করেন। ১০৬ জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৪০ জন, দ্বিতীয় শ্রেণিতে ১৯ জন, তৃতীয় শ্রেণিতে ১৮ জন, চতুর্থ শ্রেণিতে ২২ জন ও পঞ্চম শ্রেণিতে ৭ জন।
এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন সূর্যলাল ত্রিপুরা, সহকারী শিক্ষক ভুবন মনি ত্রিপুরা, বাবলী ত্রিপুরা ও কৃতান্তি ত্রিপুরাসহ মোট ৪ জন বিনা বেতনে পাঠদান দিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বিদ্যালয়ে শিক্ষকরা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। আমাদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা বা বেতন প্রদানের ব্যবস্থা করলে আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাব। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।