চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বার উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১০ফেব্রুয়ারী) বিকেলে মুন্সিপুর সীমান্তের ৯২ নম্বর পিলারের কাছ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মুন্সিপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণ চোরাচালান পাচার হবে। এমন সংবাদে মুন্সিপুর ক্যাম্পের নায়ক সুবেদার আলাউদ্দিন বিশ্বাস ফোর্স নিয়ে মুন্সিপুর সীমান্তে ৯২ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান নেন। এ সময় এক চোরাকারবারীকে দেখে চ্যালেঞ্জ করলে তিনি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে সীমান্তের ৯২/১০ মেইন পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনটি সাদাকালো কস্টেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক দাম এক কোটি টাকা।