পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে কাজুবাদাম বাগান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের প্রকল্প নেয়া হয়েছে। এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে, আর এ বছর ২০ লাখ চারা দেয়া হবে।’
পরে মন্ত্রী হাজি আবুল কালাম ডিগ্রি কলেজ মিলনায়তনে কৃষকদের সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।