ফায়ার ফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান ডিজির
![]()
নিউজ ডেস্ক
শৃঙ্খলার মান ধরে রেখে ফায়ার ফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বুধবার (৩ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬১তম ব্যাচের ৪৪৯ জন নবীন ফায়ার ফাইটারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নবীন ফায়ার ফাইটারদের অভিভাবক, আমন্ত্রিত অতিথিসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জনের কথা উল্লেখ করে মাইন উদ্দিন বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার আমাদের দায়িত্ববোধকে আরও বৃদ্ধি করেছে। আমি আশা করব, সাত মাসের দীর্ঘ প্রশিক্ষণে তোমরা যে শিক্ষা গ্রহণ করেছ, মাঠপর্যায়ে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সেবার মানসিকতা নিয়ে দেশের সুরক্ষায় তোমরা তা কাজে লাগাবে। এ সময় তিনি সবাইকে গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত থেকে দেশের সুরক্ষায় কাজ করে যেতে বলেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একটি পতাকাবাহী কন্টিনজেন্টসহ মোট চারটি কন্টিনজেন্ট অংশ নেয়। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুট্যান্টের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।