সাজেকে জেএসএস কর্তৃক চাকমা তরুণী অপহরণ, সেনা তৎপরতায় উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সিজকছড়ি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে আঞ্চলিক উপজাতীয় সশস্ত্র দলের সন্ত্রাসীরা। অপহরণের শিকার শিক্ষার্থীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেক পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়।
স্থানীয় উপজাতি জনসাধারণ এর ভাষ্য মতে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও সাবেক শান্তিবাহিনী প্রধান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীরাই ঘটনাটি ঘটিয়েছে আর এতে নেতৃত্ব দিয়েছেন জেএসএস সন্ত্রাসী রিতেশ চাকমা।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি পর্যটক দল সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারও দীপিকা চাকমাকে উদ্ধারে সেনাবাহিনী এবং পুলিশের অভিযানের কথা নিশ্চিত করেছেন। পর্যটক দলের বাকি শিক্ষার্থীরা বর্তমানে সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছেন।
ধারণা করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কারণেই দীপিকা চাকমাকে অপহরণ করেছে জেএসএস সন্ত্রাসীরা। সাজেকের সিজকছড়ি এলাকাটি জেএসএস নিয়ন্ত্রিত বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয়রা বলছেন, এর আগেও বাঙালি সম্প্রদায়ের ছেলেদের সাথে বন্ধুত্ব কিংবা কথা বলার অপরাধে ইউপিডিএফ এবং জেএসএস সন্ত্রাসীদের হাতে বহুবার দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত পাহাড়ি শিক্ষার্থীদের অপহরণ, হয়রানি, অমানুষিক নির্যাতন সহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। বাঙালি ছেলেদের সাথে সম্পকের্র জেরে নিজ জাতিগোষ্ঠীর সন্ত্রাসীদল কর্তৃক জোরপূর্বক ধর্ষণও করা হয়েছে এসব উপজাতি মেয়েদের।উপজাতীয় সন্ত্রাসী দল কর্তৃক কখনো কখনো মেয়ের পরিবারকে মোটা অংকের জরিমানা করাসহ সমাজচ্যুতির দৃষ্টান্তও রয়েছে।
ছোট-খাট ইস্যুতে মিথ্যার রঙ মিশিয়ে দিয়ে সাম্প্রদায়িক ইস্যু তৈরী করার কারিগর এসব সংগঠনকে কখনোই নিজেদের সম্প্রদায়ের তরুণীদের নিগ্রহ বা ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা যায় নি। বরঞ্চ অধিকার আদায়ের কথা বলে গত ৫০ বছরে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও অনিরাপদ করে তোলা এসব সংগঠনের নেতাদের বিরুদ্ধে রয়েছে নিজেদের সম্প্রদায়ের মেয়েদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ। বিভিন্ন সময়ে পাহাড়ে ধর্ম ত্যাগ করা বা বাঙালিদের সাথে কথা বলার অপরাধে বহু পাহাড়ি তরুণীকে এসব আঞ্চলিক সংগঠনের আক্রোশের বলি হতে হয়েছে। অপহরণের পর অনেকেরই আর হদিস ই মেলেনি।
অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে পাহাড়ে বাঙালিদের উপর উপজাতি তরুণীদের ধর্ষনের নানা অভিযোগ এনে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দলগুলো ও তাদের মদদপুষ্ট সহযোগী সংগঠন এবং নারী অধিকার আদায়ের নামে গড়ে উঠা বিভিন্ন সহযোগী সংগঠন কর্তৃক মিছিল-সমাবেশ ও সহিংসতা সৃষ্টি করে বিচারের আগেই আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচারাধীন বিষয়কে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তবে সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী কর্তৃক বছরের পর বছর স্বজাতির তরুনীরা অপহরণ, হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও এসব বিষয়ে নিরব থাকে এসব নারীবাদী ও সহযোগী সংগঠনগুলো।
এছাড়া, পাহাড়ের সহজ-সরল উপজাতি তরুণীদের বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে চীন-থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে নিয়মিত পাচার এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হলেও এসব বিষয়ে প্রতিবাদের কোন খবর পাওয়া যায়নি। উপরন্তু পাচার কান্ডে নাম উঠে আসে তদের স্বজাতির লোকজনেরই। সহজ-সরল, অল্প শিক্ষিত তরুণীদের পাচার ও ধর্ষনের মতো ঘটনায় নিরব তাদেরই স্বগোত্রীয় পাহাড়ি অধিকার আদায়ের সংগঠনগুলো।
সম্প্রতি রাঙামাটির কাপ্তাইয়ে এক মারমা কিশোরীকে কথিত ধর্ষনের অভিযোগ (পরে প্রমানিত হয় ঘটনাটি পুরোপুরি জেএসএস সন্ত্রাসীদের মিথ্যাচার) এনে পাহাড়ের বিভিন্ন উপজেলায় মানববন্ধন সহ চট্টগ্রামে সমাবেশ করা পাহাড়ে কথিত নারী অধিকার নিয়ে কাজ করা পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কিংবা হিল উইমেনস ফেডারেশনও এসব আঞ্চলিক দলেরই একাংশ হিসেবে পরিচিত। পাহাড়ি তরুণীদের অধিকার রক্ষায় তাদের কোন ভূমিকা চোখে না পড়লেও পাহাড়ের অন্যান্য ঘটনা উসকে দিয়ে পাহাড় অশান্ত করার চক্রান্তে তারা লিপ্ত।
উল্লেখ্য, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফ ও জেএসএস এর অপপ্রচারের হাতিয়ার হিসেবে পরিচিত সিএইচটি নিউজ ও হিল ভয়েস এ প্রতিনিয়ত এ অঞ্চলের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও নিরাপত্তাবাহিনীকে জড়িয়ে নানা মিথ্যাচার প্রচার করলেও কখনোই স্বজাতিদের ধর্ষণ, অপহরণ বা নির্যাতনের বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করতে দেখা যায় নি।
এদিকে, সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অব্যাহত অভিযানের মুখে সন্ধ্যা আনুমানিক সোয়া সাতটার দিকে সন্ত্রাসীদল কর্তৃক দ্বীপিতা চাকমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন কর্তৃক বিষয়টি নিশ্চত করা হয়েছে। তবে জড়িত সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।