চালু হলো রাওয়া ডেন্টাল সেন্টার, উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শনিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) কমপ্লেক্স এলাকায় নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেছেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত দাঁতের চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে সেনা সদরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, দেশের জন্য জীবনভর অবদান রাখা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাঁদের পরিবার সর্বদা আমাদের গর্বের অংশ। তাঁদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সেনা সদর সবসময় আন্তরিক। নবনির্মিত এই ডেন্টাল সেন্টার হবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দীর্ঘ প্রতীক্ষিত এ চিকিৎসা সুবিধা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী প্রধান ও সেনা সদরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ উদ্যোগ শুধু চিকিৎসা সুবিধাই দেবে না, বরং অবসরপ্রাপ্তদের কল্যাণে সেনাবাহিনীর প্রতিশ্রুতি ও দায়বদ্ধতাকেও নতুনভাবে প্রতিফলিত করবে।
অনুষ্ঠানে রাওয়ার কার্যনির্বাহী পরিষদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তাঁদের পরিবারের সদস্য এবং সেনা সদরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই মহতি উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।