রুমার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

রুমার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

রুমার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা বিস্তার ও মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় বান্দরবানের রুমা উপজেলার বড়থলি মারমা পাড়া ও ত্রিপুরা পাড়ার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সম্প্রতি রুমা জোনের উদ্যোগে এসব প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় রুমা জোন অধিনায়ক মেহেদী হাসান সরকার স্থানীয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন, যাতে তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ পায়।

একই সঙ্গে শীতপ্রবণ দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় শিক্ষার্থী এবং পাড়াবাসিদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা শীতের কষ্ট লাঘবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিদিন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনা করে। শিক্ষা উপকরণ ও শীতবস্ত্রের অভাব অনেক ক্ষেত্রে তাদের নিয়মিত স্কুলে যাওয়ার বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সেনাবাহিনী এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

স্থানীয় অভিভাবক ও পাড়াবাসিরা সেনাবাহিনীর এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং তাদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়থলি মারমা পাড়া ও ত্রিপুরা পাড়ার শিক্ষার্থীদের মাঝে মোট ১২০টি খাতা, শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ শেষে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।