যৌথ অভিযানে এক সপ্তাহে সারাদেশে ২৭৮ জন আটক, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ

যৌথ অভিযানে এক সপ্তাহে সারাদেশে ২৭৮ জন আটক, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ

যৌথ অভিযানে এক সপ্তাহে সারাদেশে ২৭৮ জন আটক, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

এই সময়কালে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও চোরাকারবারিসহ মোট ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৭টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণেও সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালন করছে।

সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী অভিযান জোরদার করেছে, যার ফলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।