ভারত-পাকিস্তান ও বাংলাদেশকে পারস্পরিক যোগাযোগের তাগিদ শশী থারুরের
![]()
নিউজ ডেস্ক
তিন প্রতিবেশীর দ্বন্দ্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর মাঠে গড়ানোর আগেই বিতর্ক তুঙ্গে। টুর্নামেন্ট খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়ায় আইসিসির দ্বিচারিতার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। শেষপর্যন্ত বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠকে বসেছিল। এরপর সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না।
গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেছেন যে খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত।
ভারতের বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, ‘সত্যি বলতে, দুই পক্ষ (ভারত ও বাংলাদেশ) থেকেই এভাবে খেলাধুলাকে রাজনীতিকরণ করা খুবই লজ্জাজনক। আমি মনে করি না যে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজনীতির হস্তক্ষেপই এর মূল সমস্যা। আমার মনে হয় বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল কিছুটা অতিরিক্ত, তবে সেটাও একই বাস্তবতার প্রতিফলন। আর পাকিস্তান এখন বাংলাদেশের প্রতি সংহতি দেখাতে চাইছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’
এছাড়াও শশী থারুর জোর দিয়ে বলেন, খেলাধুলা রাজনীতি থেকে আলাদা থাকা উচিত এবং মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যম হওয়া দরকার।
তিনি যোগ করেন, ‘আমাদের সত্যিই বোঝা দরকার যে খেলাধুলা—বিশেষ করে ক্রিকেটের মতো একটি খেলা, যা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ—অন্তত মাঠের ভেতরে আমাদের একত্রিত করার মাধ্যম হওয়া উচিত। এভাবে চলতে দেওয়া ঠিক নয়। আমি মনে করি, এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা দরকার, আর আইসিসি এ জন্য একটি মঞ্চ হতে পারে। শুধু বলা দরকার—এইসব অর্থহীনতা বন্ধ করা যাক। এভাবে তো চিরদিন চলতে পারে না।’
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করার ইস্যুতে আইসিসি উচ্চ পর্যায়ের মিটিং ডেকেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। এই মিটিংয়ে পাকিস্তানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসার সম্ভাবনার কথা বলা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।