যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সরকার-টু-সরকার (G2G) চুক্তির আওতায় একটি আধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ রোববার নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অফ দ্য শেলফ’ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল হিসেবে পরিচিত HMS Enterprise ক্রয়ের জন্য এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, এই জাহাজ সংযোজনের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক জরিপ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, নতুন এই হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ যুক্ত হলে নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রপথের নিরাপত্তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি সংশ্লিষ্ট কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে গভীর সমুদ্র এলাকায় সঠিক তথ্যভিত্তিক জরিপ পরিচালনায় এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই ক্রয় কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সামুদ্রিক সক্ষমতা অর্জনের ধারাবাহিকতায় এ উদ্যোগ ভবিষ্যতে দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ব্লু-ইকোনমিকে জাতীয় উন্নয়নের একটি সম্ভাবনাময় খাত হিসেবে এগিয়ে নিতে সামুদ্রিক জরিপ ও গবেষণায় সক্ষমতা বৃদ্ধিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।