আলীকদমের দুর্গম মাংগ্রুম পাড়ায় সেনাবাহিনীর মানবিক সহায়তা, ১০০ পরিবার পেল শীতবস্ত্র
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম জোনের উদ্যোগে দুর্গম এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী বলাই পাড়ার অন্তর্গত মাংগ্রুম পাড়ায় ছয়টি পাড়ার মোট ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক-এর দিকনির্দেশনায় এবং বলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুর্গম মাংগ্রুম পাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর এই উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।

শীতবস্ত্র বিতরণকালে আলীকদম জোনের পক্ষ থেকে এলাকায় সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
একই সঙ্গে দুষ্কৃতকারী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর মানবিক সহায়তায় গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার শান্তি রক্ষায় প্রয়োজনীয় তথ্য বিনিময়ে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহও ব্যক্ত করেন।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা ও আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।