পানছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান: মতবিনিময় সভায় শান্তি ও সম্প্রীতির বার্তা রিজিয়ন কমান্ডারের
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার করল্যাছড়ি পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আনোয়ারুস শাহদাত, খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ উর রহমান অয়ন, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লৌগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা এবং ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ইন্দ্রজিৎ ত্রিপুরা।

এসময় স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিভিন্ন শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১৫০টি শীতবস্ত্র, ১০টি সেলাই মেশিন, ১৫০টি স্কুল ব্যাগ এবং ৫টি হুইলচেয়ার। এছাড়া এদিন স্থানীয় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করে সেনাবাহিনী।
মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ প্রকাশ পায়। উপহার বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি ভবিষ্যতেও এ অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়কালে রিজিয়ন কমান্ডার পাহাড়ি অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বঞ্চনা ও কষ্টের মধ্যে রয়েছে। যারা পাহাড়কে অশান্ত করে রেখেছে তারা নিজেদের স্বার্থে কাজ করছে, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কথা ভাবছে না। এর ফলে পাহাড়ি জনগোষ্ঠী আজও পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলতে হবে। এসব ষড়যন্ত্র চলতে থাকলে পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন ব্যাহত হবে।
রিজিয়ন কমান্ডার স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ ও হত্যাকাণ্ডসহ ভীতির পরিবেশ সৃষ্টিকারী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতার প্রকৃত চিত্র জনসমক্ষে তুলে ধরার জন্য সাংবাদিক তথা গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বাস্তব সত্য জনগণের সামনে উপস্থাপন করা হলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
এসময় রিজিয়ন কমান্ডার আঞ্চলিক সশস্ত্র দলগুলোর সদস্যদের প্রতিও অস্ত্র ও সহিংসতার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শান্তিপূর্ণ জীবনে ফিরে এলে সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়ের উন্নয়ন, শান্তি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে সহিংসতার পরিবর্তে মূলধারায় ফিরে আসাই একমাত্র সঠিক পথ; এ কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার বলেন, যদি এ অঞ্চলের মানুষ যোগ্য প্রার্থী নির্বাচনে ব্যর্থ হয়, তাহলে আবারও এ অঞ্চলের মানুষ সন্ত্রাসীদের কবলে পড়বে। নিজেদের শান্তি, নিরাপত্তা ও মুক্তির স্বার্থে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

তিনি ভোটারদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করে বলেন, নিরাপত্তা বাহিনী আপনাদের পাশে আছে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করুন।
এ সময় তিনি বিজিবি, পুলিশ, প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত সহায়তায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ও নিরাপত্তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম পাহাড়ে শান্তি, আস্থা ও উন্নয়নের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।