রাজস্থলীতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর নিরাপত্তা ও সমন্বয় সভা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী সাব-জোন হলরুমে রাজস্থলী সাব-জোনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় রাজস্থলী সাব-জোন কমান্ডার ও কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বলেন, নির্বাচনকালীন সময়ে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও জানান, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে। এছাড়া ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, সাংবাদিকবৃন্দ এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে রাজস্থলী উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।