ঘুষ নেওয়ার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে বহিষ্কার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী টুন টুন নাউং
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল টুন টুন নাউংকে সামরিক বাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে। অনলাইন প্রতারণা চক্রের কাছ থেকে ‘সুরক্ষা অর্থ’ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নেপিদোভিত্তিক একাধিক সূত্র জানিয়েছে।
গত জানুয়ারির শেষদিকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। তিনি ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে গঠিত টেলিকম জালিয়াতি ও অনলাইন জুয়া দমনবিষয়ক কেন্দ্রীয় তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং জান্তার প্রতারণা-বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন।
তবে উত্তর শান রাজ্যের প্রতারণা কেন্দ্রগুলো থেকে তিনি আর্থিক সুবিধা নিচ্ছেন—এমন তথ্য বেইজিং নেপিদোকে জানালে সামরিক গোয়েন্দা সংস্থা অফিস অব দ্য চিফ অব মিলিটারি সিকিউরিটি অ্যাফেয়ার্স (ওসিএমএসএ) তদন্ত শুরু করে। তদন্তে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়ার পর তাকে তিরস্কার করে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়।
নেপিদোভিত্তিক এক সূত্র জানায়, “চীনের দেওয়া তথ্যের ভিত্তিতে সামরিক নিরাপত্তা ইউনিট তদন্ত চালিয়ে ঘুষ নেওয়ার প্রমাণ পায়। এরপর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি তিনি পেনশনও পাবেন না।”
কিছু সামরিক বিশ্লেষকের ধারণা, তার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার (কোর্ট মার্শাল)ও হতে পারে। তবে ২০২১ সালের অভ্যুত্থানের পর দলত্যাগ করা সাবেক সেনা কর্মকর্তা সুয়ে তাও মনে করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোয়ে হতুতের মতো তার কঠোর শাস্তি নাও হতে পারে। সোয়ে হতুত দুর্নীতির দায়ে কারাদণ্ড পেয়েছিলেন। সুয়ে তাওর মতে, জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ঘনিষ্ঠ হওয়ায় টুন টুন নাউংকে হয়তো রিজার্ভ বাহিনীতে স্থানান্তর করা হতে পারে।
মিন অং হ্লাইংয়ের আমলে টুন টুন নাউং দ্রুত পদোন্নতি পান। তার ছোট ভাই জেনারেল টুন টুন নিয়িকে সামরিক বাহিনীর ‘ট্রু নিউজ’ প্রচার ইউনিটের চেয়ারম্যান করা হয়।
ডিফেন্স সার্ভিসেস একাডেমির ২৫তম ব্যাচের এই কর্মকর্তা উত্তরাঞ্চল ও ইয়াঙ্গুন আঞ্চলিক সামরিক কমান্ড এবং ব্যুরো অব স্পেশাল অপারেশনস (১)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অভ্যুত্থানের পর তিনি সীমান্তবিষয়ক মন্ত্রী ছিলেন এবং ২০২৫ সালের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
জান্তা-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বেইজিংয়ের তথ্যের ভিত্তিতে উত্তর শান রাজ্যের মংইয়াই টাউনশিপে তিনটি বড় মাদক উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন। তবে সামরিক সূত্রের দাবি, মাদক দমনে তার পদক্ষেপ জান্তা প্রধানকে সন্তুষ্ট করতে পারেনি।
টুন টুন নাউং জান্তা আয়োজিত তিন ধাপের নির্বাচনের নিরাপত্তা তদারকি কমিটিরও চেয়ারম্যান ছিলেন। ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ওই নির্বাচনের সমালোচনা দমনে গঠিত কমিটি ১৯ জানুয়ারি পর্যন্ত জান্তার ‘নির্বাচন সুরক্ষা আইন’-এর আওতায় ৪০৪ জনকে গ্রেপ্তার করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।