দুর্গম বাঘাইছড়ি-সাজেকের ৬ কেন্দ্রে ভোট শেষে হেলিকপ্টারে ফিরছে কর্মকর্তা ও সরঞ্জাম
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা ও সাজেকের দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে উপজেলা সদরে ফিরতে শুরু করেছেন।
শনিবার সকাল ১১টা থেকে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) হেলিপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার অবতরণ শুরু করে। প্রথম ফ্লাইটে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একটি দল উপজেলা সদরে পৌঁছায়। দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ সীমাবদ্ধতার কারণে এসব কেন্দ্রে হেলিসর্টির মাধ্যমে সরঞ্জাম আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের আওতায় বাঘাইছড়ি উপজেলায় মোট ৮১ হাজার ৩৪৪ জন ভোটার রয়েছেন। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ছয়টি হেলিসর্টি কেন্দ্রসহ মোট ৩৯টি ভোটকেন্দ্রের ১৬০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দিপেন দেওয়ান বিজয়ী হয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।