রমজানে মানবিক দৃষ্টান্ত: ছোট হরিণা ব্যাটালিয়ন’র সহায়তা পেল দরিদ্র ও এতিমরা
![]()
নিউজ ডেস্ক
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠী ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটির ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। বুধবার সকালে বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া বিজিবি ক্যাম্প এলাকার অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রাঙামাটি ছোট হরিণা বিজিবি (১২ ব্যাটালিয়ন)’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম তদারকি করেন এবং উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ফারুক ই আযম (রা.) হেফজাখানা এতিমখানায় রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আসবাবপত্রও প্রদান করা হয়।
শুধু এতিমখানা নয়, একই কর্মসূচির আওতায় ৭০টি অসচ্ছল পরিবারের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হয়, যাতে তারা পবিত্র রমজান মাসে স্বাচ্ছন্দ্যে সেহেরি ও ইফতার সম্পন্ন করতে পারেন। স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।
এসময় লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “সীমান্ত রক্ষা ও দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বিজিবির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা আরও দৃঢ় করছে।
প্রসঙ্গত, রাঙামাটি ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় মানবিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।